সাধন আমার সাথে দেখা করেনি। খবর শুনে আমি থিতু হয়ে বসেছিলাম। আমারও ইচ্ছে হয়নি দেখা করি। ইদানিং আর মানুষকে মিথ্যে স্বপ্ন দেখাতে ইচ্ছে করে না। বলতে ইচ্ছে না করে না- দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবার সুদিন আসবে আমাদের। একটু ধৈর্য্য ধরুন।
সাধন, মানে সাধন চন্দ্র সাহা আমাদের কম্পিউটার বিভাগের কর্মী। ভোরের কাগজ ছেড়ে যখন আমি আমার দেশ -এ যোগ দেই তখন আমার সঙ্গে ও এসেছিল। এসেছিল না বলে বলা উচিত তাকে নিয়ে এসেছিলাম আমি। ভোরের কাগজে অঘোর দ্যা না থাকলে পাতা আমিই করতাম। আর সে পেইজ মেকআপের দ্বায়িত্ব থাকতো সাধনের ওপর। সঙ্গে ওর টাইপিং গতির কথাও ভেবেছিলাম। তাকে নেয়ার কথা যখন কম্পিউটার বিভাগের শিফট ইনচার্জ ওবায়েদ ভাইকে বললাম, তিনি না করতে পারেননি।
পরে অবশ্য সাধন ওর কাজ দিয়েই উঠে এসেছেন আলোচনায়। কিন্তু কে জানতো ওইদিন তাকে পেতে হবে দুই লাইনের চিঠি- আপনাকে আর আমাদের প্রয়োজন নেই। চাকুরি থেকে ছাটাই করা হলো আপনাকে।অপমানিত সাধন আমার মুখোমুখি হলে হয়তো চোখের জল ধরে রাখতে পারতো না। ভালই হয়েছে, ওইদিন সেই চিঠি নিয়ে নীরবে অফিস ছেড়েছে।
অনেক দিন হলো আসছেও এখানে। পাওনা টাকা বুঝে নেয়ার চেয়ে আমার মনে নতুন একটা চাকুরি খুঁজতেই ব্যস্ত ও। এই দুঃসময়ে কে দেবে তাকে একটা চাকুরি? শুনেছি বিয়ে করেছে সাধন। মা,ভাই আছে। ছেলেটা সংসার চালাবে কী করে?
এসব যখন ভাবছি- তখন স্বার্থপরের মতো নিজের কথাও আসছে মাথায়। স্বার্থপর কোথায়, নিজের কথা কী নিজেকে ভাবতে হবে না? কে জানে কোন অনিশ্চিয়তা অপেক্ষা করছে সামনে? একটা সময় মনে হয় আমাদের ভাল দিনগুলো হয়তো চলেই গেছে। ফিরে আসবে না আর! অনেকগুলো ভুলের পাকে বন্ধী হয়ে গেছি এই আমি।
ধুর কী ভাবছি এইসব, আমি তো আশাবাদী এক মানুষ। যে কীনা স্বপ্ন দেখে এবং দেখায়...
আঠারো বছর
1 month ago


